সিলেটে বেড়াতে এসে সেনা সদস্যের স্ত্রী-পুত্র নিহত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন এক সেনা সদস্যের স্ত্রী ও শিশুপুত্র। নিহতরা হচ্ছেন সেনাবাহিনীর সার্জেন্ট সুজা আহমেদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার পুত্র সাজিদ আহমেদ (৬)। এ ঘটনায় আহত হয়েছেন সেনা সদস্যসহ আরো ৪ জন। মঙ্গলবার (১৯ মার্চ) সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং যাওয়ার পথে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা সেনা নিবাস থেকে মঙ্গলবার ওই সেনা সদস্য তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে বিছনাকান্দি বেড়াতে আসেন। বিছনাকান্দি থেকে দুপুরে সিএনজি অটোরিক্সাযোগে তারা অপর পর্যটন কেন্দ্র জাফলং যাচ্ছিলেন। পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতি গ্রামের মোড়ে মালবাহী পিকআপের সাথে তাদের বহনকারী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ইলোরা পারভীন ও পুত্র সাজিদ আহমেদ নিহত হন। এতে সেনা সদস্য ছাড়াও আহত হন তাদের সাথে বেড়াতে আসা স্বজন আবদুর রশিদের ছেলে মাহিন, সজিব, ও গাড়ি চালক জামিল আহমদ।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
The post সিলেটে বেড়াতে এসে সেনা সদস্যের স্ত্রী-পুত্র নিহত appeared first on AmaderProtidin.com.
from AmaderProtidin.com https://ift.tt/2CvmkeS
No comments