ইউক্রেনে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক-বক্স পাঠাবে ইরান
ইরানের রাজধানী তেহরানে গত ৮ জানুয়ারি ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত চলছে। এর মধ্যেই ইরান জানিয়েছে যে, তারা ইউক্রেনকে ওই বিধ্বস্ত বিমানের ব্ল্যাক-বক্স পাঠাবে।
ওই দুর্ঘটনায় ১৭৬ জন আরোহীর মৃত্যু হয়। প্রথমদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিজেদের দায় অস্বীকার করলেও দুর্ঘটনার তিনদিন পর ইরান জানায় যে, ভুলবশত বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, আরও অনুসন্ধানের জন্য তারা বিমানের ব্ল্যাক-বক্সের রেকর্ডার ইউক্রেনকে পাঠাবে। ইরানের বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান হাসান রেজাইফার জানিয়েছেন, ইরানে ওই ব্ল্যাক-বক্সের রেকর্ড উদ্ধার করা সম্ভব নয়। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, যদি ইউক্রেনে ব্ল্যাক-বক্সের রেকর্ড উদ্ধার করা সম্ভব না হয় তবে এটি ফ্রান্সে পাঠানো হবে। গত ৮ জানুয়ারি তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই মিনিটের মাথায় ভুলবশত বিমানটিকে গুলি করে ভূপাতিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
ওই বিমান দুর্ঘটনায় ইরানের ৮২ জন, কানাডার ৫৭ জন, ইউক্রেনের ১১ জন, সুইডেনের ১০ জন, আফগানিস্তানের চারজন এবং যুক্তরাজ্যের তিনজন নিহত হয়।
ইউক্রেনের ওই বিমানটি এমন এক সময় বিধ্বস্ত হয়েছে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় শক্তিধর ব্যক্তি ছিলেন জেনারেল সোলেইমানি। তার মৃত্যুর প্রতিশোধ হিসেবে গত ৮ জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।
এদিকে, নিজেদের ভুল স্বীকার করে বিমান বিধ্বস্তের ঘটনায় সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে ইরান। স্বচ্ছভাবে ব্ল্যাক-বক্সের তথ্য বিশ্লেষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
টিটিএন/পিআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/2NGPM7g
No comments