ইশরাকের গণসংযোগে কে এই ‘ছোট্ট খালেদা জিয়া’
ইশরাকের গণসংযোগে কে এই ‘ছোট্ট খালেদা জিয়া’
নিজস্ব প্রতিবেদকদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় শুক্রবার গণসংযোগে নামেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তবে শুক্রবারের ওই গণসংযোগের পরিবেশ ছিল ভিন্ন। ইশরাকের সঙ্গে গণসংযোগে অংশ নেয় একটি শিশু। দিয়াফা আক্তার নামে শিশুটি গণসংযোগে সবার দৃষ্টি কেড়েছে। সে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মতো সেজে প্রচারে অংশ নেয়। শিশু দিয়াফা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফারুকের ভাগ্নি।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় পুরান ঢাকার ফরিদাবাদ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গণসংযোগ শুরু করেন ইশরাক হোসেন। গণসংযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজে শিশু দিয়াফা অংশ নেয়। দিয়াফার এমন সাজে উৎসুক জনতার দৃষ্টি কাড়ে। ভ্যানে করে ধানের শীষের তোড়া হাতে নিয়ে সে প্রচারে অংশ নেয়। উৎসুক মানুষকে দিয়াফার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এ সময় দিয়াফা খালেদা জিয়ার মতো করে সবাইকে হাত নেড়ে অভিনন্দন জানান।
এ বিষয়ে দিয়াফার বাবা ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, আত্মীয়-স্বজন সবাই বলছে দিয়াফা দেশনেত্রী খালেদা জিয়ার মতো নাকি দেখতে। তাই মানুষকে ধানের শীষে ভোট দেয়ার জন্য আকৃষ্ট করার লক্ষ্যে আজ দিয়াফাকে খালেদা জিয়ার মতো সাজিয়ে গণসংযোগে নামানো হয়েছে।
এদিকে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ধানের শীষের পক্ষে সৃষ্ট গণজোয়ার ঠেকাতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি সবাইকে দলবেধে ভোটকেন্দ্রে গিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেয়ার আহ্বান জানান।
২৭ জানুয়ারি নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন জানিয়ে ইশরাক বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার পরিকল্পনামাফিক অবকাঠামোগত উন্নয়ন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সেবামূলক কাজের নানা পরিকল্পনা সুস্পষ্টভাবে ইশতেহারে উল্লেখ করা হবে।
এ সময় ইশরাকের সঙ্গে প্রচারে অংশ নেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।
পূর্বপশ্চিমবিডি/ এআর
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
from PURBOPOSHCIMBD https://ift.tt/37rTaLb
No comments